সারাদেশ

সিদ্ধিরগঞ্জে নির্বাচনী বিজয়ে মহান আল্লাহর দরবারে শোকরানা: রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে মিলাদ ও দোয়া মাহফিল

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে নির্বাচনী বিজয়ে মহান আল্লাহর দরবারে শোকরানা: রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:৫৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় মহান আল্লাহর দরবারে শোকরানা আদায় ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে আয়োজিত এই মাহফিলে বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে রাকিবুর রহমান সাগর দলের ভিশন তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি এমন একটি দল, যার কান্ডারি দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালিত হবে। মসজিদের সম্মানিত ইমাম ও খতিবদের সমাজে সর্বোচ্চ সম্মানের জায়গায় আসীন করা হবে।

নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) মাটি ও মানুষের নেতা এবং দলীয় অভিভাবক আজহারুল ইসলাম মান্নান সম্পর্কে সাগর বলেন, আপনারা আমাদের প্রিয় অভিভাবক মান্নান ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা যেন তাঁর নির্দেশনায় আপনাদের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে পারি। ভোটের জন্য আমরা যেভাবে আপনাদের দ্বারে দ্বারে গিয়েছি, ঠিক সেভাবেই আপনাদের প্রাপ্য সেবা পৌঁছে দিতে আমরা আপনাদের ঘরের দরজায় হাজির হবো এটা আমাদের দলের কঠোর নির্দেশনা।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান ঘোষণা করেন সাবেক এই ছাত্রনেতা। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীর ঠাঁই নেই। যারা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করবে, তাদের ছাড় দেওয়া হবে না। আপনাদের এলাকায় যদি কোনো সমস্যা থাকে বা কেউ উৎপাত করে, তবে নির্ভয়ে আমাদের জানাবেন। আমরা আপনাদের হয়ে সেই বার্তা আমাদের অভিভাবক আজহারুল ইসলাম মান্নান সাহেবের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ।

নির্বাচনী ওয়াদা ভোলার নয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে মান্নান সাহেব যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইনশাআল্লাহ তার প্রতিটি আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

পরিশেষে, আদমজী কবরস্থানসহ সমস্ত মৃত ব্যক্তি ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি উপস্থিত ছিলেন।