সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শপথ নিতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা। ওই দিন জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় ও সরকার গঠন করতে যাওয়া বিএনপি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ইতোমধ্যে সংসদ সচিবালয় শপথ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করতে শুরু করেছে। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শনিবার সন্ধ্যায় জানান, ১৭ ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানের লক্ষ্য নিয়েই সব আয়োজন এগিয়ে চলছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের গেজেট বর্তমানে স্থগিত রয়েছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। দলটির শরিকরা পেয়েছে আরও ৩টি আসন। অন্যদিকে, জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্য শরিকরা পেয়েছে ৯টি আসন। গত শুক্রবার রাতেই বিজয়ীদের নামসংবলিত সরকারি গেজেট প্রকাশ করেছে ইসি।
মঙ্গলবারের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া চূড়ান্ত ধাপে প্রবেশ করবে।
মতামত