নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে সিদ্ধিরগঞ্জ ৬নং ওয়ার্ড যুবদল।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে আদমজী কমল বাসস্ট্যান্ড সংলগ্ন যুবদলের অস্থায়ী কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা। তিনি তার বক্তব্যে বলেন, এই বিজয় কেবল আজাহারুল ইসলাম মান্নানের নয়, এই বিজয় সিদ্ধিরগঞ্জের নির্যাতিত ও অবহেলিত সাধারণ মানুষের। আমরা এখন ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ জনপদ গড়ে তুলব।
৬নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি হানিফ বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসান চৌধুরী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবনির্বাচিত সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নানের সুস্বাস্থ্য এবং তার রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধির পাশাপাশি যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এ সময় যুবদল ও সহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
মতামত