সারাদেশ

শ্রীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ৩৫ বাড়িতে ভাঙচুর-লুটপাট, আটক ১০

প্রিন্ট
শ্রীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ৩৫ বাড়িতে ভাঙচুর-লুটপাট, আটক ১০

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:২৩


মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে শুরু হওয়া এই তাণ্ডবে দুই নারী গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাকদাহ গ্রামে আধিপত্য নিয়ে স্থানীয় ইয়াকুব মণ্ডল ও মাহমুদুল হাসান টিটোর সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। রোববার বিকেলে লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফেরার পথে ইয়াকুব মণ্ডলের লোকজন টিটোর সমর্থক রাকিব শেখকে ধাওয়া করলে উত্তেজনার সৃষ্টি হয়।

এরই জেরে রাত ৮টার দিকে ইয়াকুব মণ্ডলের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে টিটোর সমর্থকদের অন্তত ২০টি বাড়িতে একযোগে হামলা চালায়। এ সময় হামিদা বেগম (২৫) ও সুমি বেগম (৩৫) নামে দুই নারী গুরুতর আহত হন। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে টিটোর সমর্থকরা পাল্টা হামলা চালালে ইয়াকুব মণ্ডলের পক্ষের ১৫টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

ক্ষতিগ্রস্ত ওমর আলী জানান, বহিরাগত কয়েকশ লোক নিয়ে এসে তাদের বাড়িতে লুটপাট চালানো হয়েছে এবং তার পুত্রবধূর পা ভেঙে দেওয়া হয়েছে। অন্যদিকে, ইয়াকুব মণ্ডলের সমর্থক শরিফুল শেখের স্ত্রী সালমা বেগমও বাড়িঘর ভাঙচুরের বিচার দাবি করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।