সারাদেশ

শপথ নিলেন নারায়ণগঞ্জের পাঁচ সংসদ সদস্য

প্রিন্ট
শপথ নিলেন নারায়ণগঞ্জের পাঁচ সংসদ সদস্য

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৪০


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত নারায়ণগঞ্জের পাঁচজন সংসদ সদস্য (এমপি) শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টা থেকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে দুই ধাপে তারা শপথ নেন।

নবনির্বাচিত এই জনপ্রতিধিদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শপথ গ্রহণকারী পাঁচ এমপির মধ্যে চারজন বিএনপির এবং একজন এনসিপির সদস্য। বেলা পৌনে ১১টায় দলীয় সংসদ সদস্যদের সাথে শপথ নেন বিএনপির চারজন সাংসদ। দুপুর ১টা ২০ মিনিটে শপথ গ্রহণ করেন এনসিপির সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির সাংসদরা শপথ না নিলেও এনসিপির সাংসদ আব্দুল্লাহ আল আমিন এতে অংশ নেন।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। শপথ শেষে রীতি অনুযায়ী নবনির্বাচিত সদস্যরা শপথপত্রে সই করেন। নারায়ণগঞ্জের এই জনপ্রতিনিধিরা শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের সংসদীয় দায়িত্ব শুরু করলেন।