নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসীর পরিবারকে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। গত শনিবার মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী বেবী আক্তার ও তার স্বামী ইমান আলীসহ পরিবারের সদস্যরা গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় সোমবার বেবী আক্তার বাদী হয়ে আনিসুর রহমান শিমুল (২৫), আমজাদ হোসেন (৫২) ও মুক্তার হোসেনসহ (৪৩) ছয়জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই (পিবিআই) নারায়ণগঞ্জকে নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, বাদীর ছেলে খাইরুল ইসলাম শাওন দক্ষিণ আফ্রিকা প্রবাসী। কয়েক বছর আগে জমি কেনা নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত শনিবার ভুক্তভোগীদের পথরোধ করে পুনরায় চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করায় দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় বেবী আক্তারের গলা থেকে স্বর্ণের চেইন এবং নগদ ১৫ হাজার টাকা লুট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হামলার পর থেকে পুরো এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। যাওয়ার সময় আসামিরা মামলা করলে প্রাণনাশের হুমকি দিয়ে গেছে বলেও অভিযোগ উঠেছে।
মতামত