সারাদেশ

ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তীকালীন সরকার: নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রিন্ট
ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তীকালীন সরকার: নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৩২


অবসান হলো অন্তর্বর্তীকালীন সরকার আমলের। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে সরকারি গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একইসাথে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তারেক রহমান।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই গেজেটে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন।

নতুন সরকার গঠনের ঘোষণার সাথে সাথেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়ে পৃথক গেজেট প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপতির সম্মতিক্রমে তাঁর নেতৃত্বেই গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে দেশে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। রাজনৈতিক মহলে এখন নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম নিয়ে ব্যাপক কৌতূহল বিরাজ করছে।