আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে মাগুরায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শালিখা উপজেলার আড়পাড়া বাজারে এ অভিযানে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আড়পাড়া বাজারের মেসার্স পবিত্র স্টোর থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য ও ক্ষতিকর রঙযুক্ত পণ্য জব্দ করা হয়। এসব ভেজাল পণ্য পাইকারি হিসেবে গ্রামের ছোট দোকানগুলোতে সরবরাহ করা হচ্ছিল। এছাড়া প্রতিষ্ঠানটিতে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানের মালিক বিপুল সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক সজল আহম্মেদ। জব্দকৃত মালামাল জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানে জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম জেলাজুড়ে অব্যাহত থাকবে।
মতামত