সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজ: অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজ: অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:৫৯


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সজীব ভূঁইয়া (৩৩) ওরফে সোর্স বাবু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে জালকুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানকালে গ্রেপ্তারকৃত সজীবের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পেন গান (কলম পিস্তল), দুই রাউন্ড গুলির খোসা এবং ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, সজীব দীর্ঘদিন ধরে নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স বা উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন। এমনকি র‌্যাব-পুলিশের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেন তিনি। এই চক্রে আরও ১০-১২ জন জড়িত বলে জানা গেছে।

র‌্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সজীবের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদক আইনে মামলাসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।