সারাদেশ

আড়াইহাজারে নারী আসামি ছিনতাই স্বজনদের হামলায় ৯ পুলিশ আহত গ্রেপ্তার ৫

প্রিন্ট
আড়াইহাজারে নারী আসামি ছিনতাই স্বজনদের হামলায় ৯ পুলিশ আহত গ্রেপ্তার ৫

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৪৪


নারায়ণগঞ্জের আড়াইহাজারে আদালতের ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের কাছ থেকে ওই আসামিকে ছিনিয়ে নেয় তার স্বজনরা। হামলায় আড়াইহাজার থানার ৬ কর্মকর্তাসহ অন্তত ৯ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আসমা বেগমকে (৪৫) আটক করার পর তার স্বজন ও স্থানীয়রা পুলিশের কাজে বাধা দেয়। বাগবিতণ্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে।

হামলায় আহত হয়েছেন এসআই অজিত, এএসআই আরিফ, ফারুক, সাইফুল, নিজাম এবং কনস্টেবল শামীম, শাহিন, এমদাদ ও নারী কনস্টেবল বীথি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ ও আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সরকার জানান, আসামি আসমাকে আটকের পর তিনি অসুস্থতার ভান করলে স্বজনরা পুলিশকে ঘেরাও করে হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নেয়। সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করা হয়েছে। পলাতক আসামি ও হামলার সাথে জড়িত অন্যদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।