সারাদেশ

সংরক্ষিত নারী আসনে এমপি পদপ্রার্থী আইনজীবী নেত্রী আসমা হেলেন বিথী

প্রিন্ট
সংরক্ষিত নারী আসনে এমপি পদপ্রার্থী আইনজীবী নেত্রী আসমা হেলেন বিথী

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:১৬


ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট আইনজীবী ও তুখোড় নারী নেত্রী অ্যাডভোকেট আসমা হেলেন বিথী। বিগত স্বৈরাচারী সরকারের আমলে রাজপথ থেকে আদালত সবখানে অকুতোভয় ভূমিকার কারণে তৃণমূল নেতাকর্মীদের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

অ্যাডভোকেট আসমা হেলেন বিথী দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছেন। বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন ও মিথ্যা মামলার বিপরীতে তিনি অকুতোভয় আইনি লড়াই চালিয়েছেন। অনেক জ্যেষ্ঠ আইনজীবী যখন আদালত অঙ্গনে আসতে দ্বিধাবোধ করতেন, তখন তিনি জীবনের ঝুঁকি নিয়ে বিএনপি নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও তার অংশগ্রহণ ছিল অগ্রগণ্য।

বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সংগঠনের সহ-সাংগঠনিক ও যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

একজন সফল আইনজীবী হিসেবে তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু সেলের আইনজীবী হিসেবে কাজ করছেন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং অসহায়দের আইনি সহায়তা প্রদানে তার বিশেষ পরিচিতি রয়েছে।

মনোনয়ন প্রত্যাশার বিষয়ে আসমা হেলেন বিথী বলেন, দীর্ঘদিন রাজপথে ও আদালতে দলের জন্য লড়াই করেছি। সংসদে তৃণমূলের নারী, শিশু ও সাধারণ মানুষের অধিকারের কথা তুলে ধরাই হবে আমার মূল লক্ষ্য।

দলের ত্যাগী ও পরীক্ষিত নেত্রী হিসেবে তিনি হাই কমান্ডের সুদৃষ্টি এবং সর্বস্তরের নেতাকর্মীদের সমর্থন ও দোয়া কামনা করেছেন।