সারাদেশ

চাঁদাবাজিকে কি জাতীয়করণ করা হলো: সেতুমন্ত্রীর বক্তব্যে জামায়াত আমিরের প্রশ্ন

প্রিন্ট
চাঁদাবাজিকে কি জাতীয়করণ করা হলো: সেতুমন্ত্রীর বক্তব্যে জামায়াত আমিরের প্রশ্ন

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৫১


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সাম্প্রতিক এক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরিবহন খাতের অর্থ আদায়কে মন্ত্রীর চাঁদাবাজি মানতে নারাজ হওয়ার প্রেক্ষিতে জামায়াত আমির প্রশ্ন তুলেছেন, এর মাধ্যমে কি দেশে চাঁদাবাজিকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো?

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান এই বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের বৈপরীত্য টেনে লেখেন, তাহলে কীভাবে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে?

দেশবাসীকে এই অপসংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছিলেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না। তিনি এটিকে মালিক ও শ্রমিক সমিতির কল্যাণে ব্যয় হওয়া একটি অলিখিত বিধি হিসেবে দাবি করেন। মন্ত্রীর এমন মন্তব্যের পর দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলে তারই পরিপ্রেক্ষিতে এই কড়া প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির।