সারাদেশ

পাঁচবিবিতে একুশ ঘিরে পতাকার রমরমা বাণিজ্য: চাহিদায় নতুন মাত্রা

প্রিন্ট
পাঁচবিবিতে একুশ ঘিরে পতাকার রমরমা বাণিজ্য: চাহিদায় নতুন মাত্রা

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১২:০২


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাজুড়ে জাতীয় পতাকা বিক্রির ধুম পড়েছে। ২১শে ফেব্রুয়ারির কর্মসূচি ও শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে এবার পতাকার চাহিদা অন্য যেকোনো সময়ের চেয়ে কয়েকগুণ বেড়েছে।

উপজেলার বিভিন্ন মোড়ে ঘুরে দেখা গেছে, ভ্রাম্যমাণ বিক্রেতারা হাতে করে ছোট-বড় বিভিন্ন মাপের জাতীয় পতাকা, মাথার ফিতা ও রাবার বিক্রি করছেন। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে এই পতাকা কেনার ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

দিনাজপুর থেকে আসা বিক্রেতা নয়ন জানান, বর্তমানে প্রতিদিন ২০০ থেকে ২৫০টি পতাকা ও ফিতা বিক্রি হচ্ছে। ছোট পতাকা ১০ টাকা এবং মাথার ফিতা ও রাবার ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের মতে, একুশের চেতনার পাশাপাশি নতুন সরকার গঠনের আবহ বাজারে পতাকার চাহিদা ও বিক্রি বৃদ্ধিতে বাড়তি প্রভাব ফেলেছে। স্বল্প সময়ের এই ব্যবসায় বেশ ভালো মুনাফা হচ্ছে বলে জানান তারা।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিতে জাতীয় পতাকার এই সরব উপস্থিতি এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।