সারাদেশ

সোনারগাঁয়ে জাহাজ কাটা মামলা: শাহদাত ও ইকবালের অব্যাহতি চাইলেন বাদী

প্রিন্ট
সোনারগাঁয়ে জাহাজ কাটা মামলা: শাহদাত ও ইকবালের অব্যাহতি চাইলেন বাদী

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:১৩


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাহাজ কাটার অভিযোগে দায়ের করা মামলায় শাহদাত হোসেন ও ইকবাল জড়িত নন বলে দাবি করেছেন মামলার বাদী ও জাহাজের মালিক রাকেশ শর্মা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি ভুলবশত তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত হয়েছে জানিয়ে তাদের অব্যাহতি দেওয়ার অনুরোধ করেন।

বার্জ অ্যান্ড ড্রাই ডক বোর্ড মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এক আপোষনামায় স্বাক্ষর শেষে রাকেশ শর্মা গণমাধ্যমকে জানান, জাহাজ উদ্ধারের ক্ষেত্রে শাহদাত ও ইকবাল তাকে উল্টো সহযোগিতা করেছেন। তিনি বলেন, ভুল বোঝাবুঝির কারণে মামলায় তাদের নাম এসেছিল। তদন্ত সাপেক্ষে তাদের এই অভিযোগ থেকে মুক্তি দেওয়া হোক। একই সাথে তিনি মেঘনা শিপইয়ার্ডকেও এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর মালবাহী জাহাজ ভাড়া করে এনে তা কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগে জাফর, ইকবাল ও শাহদাত হোসেনসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করা হয়েছিল। সংবাদ সম্মেলনে বাদী জানান, শাহদাত ও ইকবালের বিষয়ে আপোষনামা হলেও মামলার অন্যান্য আসামিদের নাম বহাল থাকবে। তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।