সারাদেশ

​দীর্ঘদিনের আত্মগোপন শেষে সিদ্ধিরগঞ্জে ওলামা লীগ সভাপতি মোতালিব গ্রেফতার

প্রিন্ট
​দীর্ঘদিনের আত্মগোপন শেষে সিদ্ধিরগঞ্জে ওলামা লীগ সভাপতি মোতালিব গ্রেফতার

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১২:৩৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দায়ের করা একটি বিস্ফোরক মামলায় থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিবকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংগঠিত নাশকতার ঘটনায় দায়ের করা ওই বিস্ফোরক মামলায় আব্দুল মোতালিব এজাহারভুক্ত আসামি। মামলা দায়েরের পর থেকেই তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

​অভিযানের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহতাব উদ্দিন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা বিস্ফোরক মামলার এই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

​গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, মোতালিব ওই বিস্ফোরক মামলার একজন এজাহারনামীয় আসামি। আত্মগোপনে থাকা অবস্থায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

​আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত এই আসামিকে আদালতে সোপর্দ করা হবে।