সারাদেশ

নারায়ণগঞ্জের উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরলেন নতুন প্রশাসক

প্রিন্ট
নারায়ণগঞ্জের উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরলেন নতুন প্রশাসক

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:৪১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, দলীয় সংকট ও প্রতিকূল সময়ে পাশে থাকার মূল্যায়ন হিসেবে তিনি নতুন দায়িত্ব পেয়েছেন। তাঁর ভাষ্য, এটি কোনো ক্ষমতার বিষয় নয়, বরং একটি গুরুদায়িত্ব, যা তিনি সততা ও পবিত্রতার সঙ্গে পালনের চেষ্টা করবেন।

সোমবার দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজনৈতিক জীবনে নানা চাপ ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। একাধিক মামলা ও হামলার শিকার হয়েছেন, কারাবরণও করতে হয়েছে। পরিবারও নিগ্রহের বাইরে ছিল না বলেও উল্লেখ করেন তিনি। এসব প্রতিকূলতার পরও দল ছাড়েননি বলে জানান সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, দলের প্রতি তাঁর আনুগত্যকে নেতৃত্ব মূল্যায়ন করেছে।

নিজের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, সত্যকে স্পষ্টভাবে বলাই তাঁর অভ্যাস। দায়িত্ব পালনের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করবেন।

নারায়ণগঞ্জের উন্নয়ন পরিস্থিতি নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন। তাঁর মতে, দেশের তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এলাকাতেও অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ শিল্পনগরী নারায়ণগঞ্জ সেইভাবে এগোয়নি। বিশেষ করে সদর ও বন্দরের মধ্যে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কথা তুলে ধরেন তিনি। বন্দর ঘাট ও নবীগঞ্জ ঘাট এলাকায় মানুষের পারাপারের দুর্ভোগ তাঁকে ব্যথিত করে বলে জানান নতুন প্রশাসক।

নগরবাসীর প্রত্যাশা পূরণে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে উন্নয়ন ত্বরান্বিত করাই হবে তাঁর অগ্রাধিকার।