বিয়ের প্রলোভনে এক তরুণীকে নিজ স্টুডিওতে ডেকে এনে আটকে রাখা এবং অশ্লীল ভিডিও তৈরির জন্য চাপ প্রয়োগের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী এক তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে স্টুডিওতে নেওয়া হয়। সেখানে তাকে একদিন আটকে রেখে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। তরুণীর দাবি, তার সম্মতি ছাড়াই অশালীন ভিডিও তৈরি করার চেষ্টা করা হয়।
ঘটনার পর গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে। চলতি বছরের ২ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা এসআই নুরুজ্জামান আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই দিনই আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত