সারাদেশ

রমজানে অতিরিক্ত মুনাফা না করার আহ্বান নারায়ণগঞ্জ চেম্বার সভাপতি দিপুর

প্রিন্ট
রমজানে অতিরিক্ত মুনাফা না করার আহ্বান নারায়ণগঞ্জ চেম্বার সভাপতি দিপুর

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:২৭


  

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, আমরা সারাবছরই ব্যবসা করি। রোজার মাসে যেভাবে মানুষের সহযোগিতা হয় সেদিকে খেয়াল রাখবো। সবাই মিলে চেষ্টা করবো রোজার মাসে যেন অতিরিক্ত ব্যবসা না করি। আমাদের দ্বারা মানুষ যেন সেবা পায়। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এদিন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

মতবিনিময় সভায় এফবিসিসিআইয়ের নেতা প্রবীর কুমার সাহা, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান, বিকেএমইএ’র সহসভাপতি রাশেদুজ্জামান, বাংলাদেশ হোসিয়ারী হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনু ও গোলাম সারোয়ার সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে একটা মনিটরিং সেল করা হয়েছে। আমরা একটা হটলাইন নাম্বার দিয়েছি। কোনো ব্যবসায়ী যদি মূল্য তালিকার চেয়ে বেশি রাখে আমাদের জানাবেন, আমরা সম্মিলিতভাবে ব্যবস্থা নিব। 

আবার এই সময় অনেক ব্যবসায়ীদের সমস্যা দেখা দেয়। আপনাদের সাথে মিলে একত্রে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আমরা প্রদক্ষেপ নিবো। 

তিনি আরও বলেন, যানজট, হকার সমস্যা নিরসন, ছিনতাই প্রতিরোধসহ আইনশৃঙ্খলা উন্নয়নে নির্বাচিত সংসদ সদস্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসন, ব্যবসায়ীরা সমন্বিতভাবে কাজ করবো। 

বিগত দিনের ন্যায় এ বছরেও ব্যাপকভাবে কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে পবিত্র রমজান মাসে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে আমরা ১০০ জন ভলান্টিয়ার নিয়োগ দিয়েছি। 

এছাড়াও আমরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে নারায়ণগঞ্জের উন্নয়ন করতে চাই। নারায়ণগঞ্জকে ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডের জেলায় উন্নীত করতে চাই।