সারাদেশ

সিদ্ধিরগঞ্জে মাদকের রমরমা কারবার: চুনোপুঁটি ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে রাঘববোয়ালরা

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে মাদকের রমরমা কারবার: চুনোপুঁটি ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে রাঘববোয়ালরা

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৪৫


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে কিছু খুচরা বিক্রেতা গ্রেপ্তার হলেও মূল হোতারা এখনো অধরা রয়ে গেছে। বিশেষ করে আজিবপুর নতুন রাস্তা ও রেললাইন এলাকায় কুখ্যাত মাদক সম্রাটদের দৌরাত্ম্য চরমে পৌঁছানোয় জনমনে চরম ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আজিবপুর এলাকায় মাদক সাম্রাজ্যের মূল নিয়ন্ত্রণ রয়েছে প্রায় এক ডজন মামলার আসামি আনোয়ার হোসেন কুট্টি ওরফে ঠান্ডা কুট্টি, চিহ্নিত মাদক কারবারি মুসা এবং ইয়াছিনের হাতে। এই সিন্ডিকেটের মাধ্যমেই এলাকায় অবাধে চলছে মরণনেশা মাদকের কারবার। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রেললাইন সংলগ্ন এলাকাটি মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হয়, যেখানে প্রতিদিন লাখ লাখ টাকার অবৈধ লেনদেন চলছে।

এলাকাবাসীর দাবি, একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও রহস্যজনকভাবে ধরাছোঁয়ার বাইরে রয়েছে আনোয়ার হোসেন কুট্টি। তার সহযোগী হিসেবে মুসা ও ইয়াছিন সরাসরি সরবরাহ ও বিক্রয় নিয়ন্ত্রণ করে। এই চক্রের কারণে এলাকায় চুরি, ছিনতাই ও ইভটিজিংয়ের মতো ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। কেউ প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি ও লাঞ্ছিত হতে হয়।

মাদক কারবারিদের এমন দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে দ্রুত বিশেষ অভিযানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। চিহ্নিত অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান চলছে এবং শিগগিরই মূল হোতাদের আইনের আওতায় আনা হবে।