সারাদেশ

মাদারগঞ্জে মাহিন্দ্র-অটোরিকশা সংঘর্ষে শিশুর মৃত্যু: আহত ৩

প্রিন্ট
মাদারগঞ্জে মাহিন্দ্র-অটোরিকশা সংঘর্ষে শিশুর মৃত্যু: আহত ৩

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:৫৬


অনুমোদনহীন যানবাহনের বেপরোয়া গতি কেড়ে নিল ৮ বছরের এক শিশুর প্রাণ। জামালপুরের মাদারগঞ্জ-আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস মোড় এলাকায় মাহিন্দ্র ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহিল (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মাসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জাহিল জামালপুর সদর উপজেলার মনিরাজপুর এলাকার মামুনের ছেলে। আহতরা হলেন, নিহতের মা বিথী (৩৬), সামিরা (৫৫) ও সেলিনা (২৬)। এদের মধ্যে বিথীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে মাদারগঞ্জে বিথীর মামাতো বোন মারা যান। তাকে শেষবারের মতো দেখতে জামালপুর থেকে ছেলেকে নিয়ে সিএনজিযোগে যাচ্ছিলেন বিথী। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘাতক মাহিন্দ্র ট্রাক্টরের চালককে আটক এবং যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আবু রায়হান জানান, শিশু জাহিলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।