সারাদেশ

পাঁচবিবিতে ক্যাসিনো জুয়ায় নিঃস্ব হয়ে যুবকের আত্মহত্যা

প্রিন্ট
পাঁচবিবিতে ক্যাসিনো জুয়ায় নিঃস্ব হয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৩:৪১


জয়পুরহাটের পাঁচবিবিতে ক্যাসিনো জুয়ায় আসক্ত হয়ে সর্বস্ব হারিয়ে মমিনুল হক (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি পাঁচবিবি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গণেশপুর গ্রামের মৃত একরাব হক প্রামাণিকের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়িক প্রয়োজনে ঢাকায় অবস্থানকালে মমিনুল ক্যাসিনো জুয়ায় আসক্ত হয়ে পড়েন। জুয়ায় বিপুল পরিমাণ অর্থ খুইয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং আর্থিকভাবে নিঃস্ব হয়ে যান। এই হতাশাবোধ থেকেই মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতে তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন।

বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মোঃ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহলের মতে, ক্যাসিনো ও জুয়ার নেশা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, যার চরম মূল্য দিতে হলো মমিনুলকে।