সারাদেশ

মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ: আহত ১৫

প্রিন্ট
মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ: আহত ১৫

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৩:০৪


মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ভিজিএফ কার্ড বণ্টনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার বাটিকাডাঙা চার রাস্তার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দের ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ওয়ার্ড কমিটির নেতাদের সঙ্গে স্থানীয় সমর্থকদের বিরোধ তৈরি হয়। এর জেরে সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে স্থানীয় দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনাও ঘটে। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম অভিযোগ করেন, একদল দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র নিয়ে দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। তিনি এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে দাবি করেন।

ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। কারা এই হামলার মূল হোতা তা খতিয়ে দেখা হচ্ছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।