ফোরাতুন নাহার প্যারিস ২০১৪ সালে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১ লাখ ৫৫ হাজার রেকর্ড ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ছাত্রজীবন থেকেই রাজপথের সক্রিয় এই নেত্রী তৃণমূল নারী নেতৃত্ব গঠন ও নারীর ক্ষমতায়নে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছেন। দলের সংকটকালে বিগত ১৭ বছরে অসংখ্য মামলা-হামলার শিকার হওয়া এই নেত্রীর পারিবারিক ঐতিহ্যও বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
স্থানীয় জেলা ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মতে, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন এবং নারীদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্যারিসের মতো একজন অভিজ্ঞ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেত্রী প্রয়োজন। তার জোরালো সাংগঠনিক দক্ষতা ও বাগ্মিতা জেলাজুড়ে তাকে গ্রহণযোগ্য করে তুলেছে। বিশেষ করে ঝাঝালো বক্তব্যের মাধ্যমে জনমত গঠনে তার বিশেষ পরিচিতি রয়েছে।
মনোনয়ন প্রত্যাশার বিষয়ে ফোরাতুন নাহার প্যারিস বলেন, বিগত ১৭ বছর ধরে হামলা-মামলা উপেক্ষা করে রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও জনগণের পাশেই থাকব। আমি জেলার প্রতিটি উপজেলা ঘুরে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা দেখেছি। দল যদি আমাকে ঠাকুরগাঁওয়ে সংরক্ষিত আসনে দায়িত্ব পালনের সুযোগ দেয়, তবে আধুনিক ও মানবিক ঠাকুরগাঁও গড়তে আমি সর্বোচ্চ চেষ্টা করব।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের হাইকমান্ড যদি ত্যাগী ও সক্রিয় কর্মীদের মূল্যায়ন করে, তবে ফোরাতুন নাহার প্যারিস সংরক্ষিত আসনের জন্য অত্যন্ত শক্তিশালী প্রার্থী। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তাকে ঘিরে তৈরি হওয়া এই ব্যাপক জন-আলোচনা ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।
মতামত