সারাদেশ

বটিয়াঘাটায় লোকজের গ্রামীণ বীজমেলা: বিলুপ্তপ্রায় দেশীয় জাত রক্ষায় নারী কৃষকদের অনন্য উদ্যোগ

প্রিন্ট
বটিয়াঘাটায় লোকজের গ্রামীণ বীজমেলা: বিলুপ্তপ্রায় দেশীয় জাত রক্ষায় নারী কৃষকদের অনন্য উদ্যোগ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:২৬


জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও হারিয়ে যাওয়া দেশীয় জাতের বীজ সংরক্ষণের লক্ষ্যে খুলনার বটিয়াঘাটায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী গ্রামীণ বীজমেলা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা অডিটোরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ ও মৈত্রী কৃষক ফেডারেশন-এর যৌথ উদ্যোগে এবং জার্মানি ভিত্তিক সংস্থা মিজরিও-এর সহযোগিতায় এ ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন হয়।

মেলায় উপজেলার ১৭টি গ্রামের অর্ধশতাধিক নারী কৃষক কয়েকশ প্রজাতির বিলুপ্তপ্রায় দেশীয় ধান, সবজি, ডাল ও তেলবীজ প্রদর্শন করেন। বিশেষ করে মরিচশাইল, রানীস্যালোট, হিজলি, দিঘা, মোরগশাইল ও কালামাণিকের মতো দুর্লভ ধানের জাতগুলো দর্শকদের নজর কাড়ে। প্রদর্শনের পাশাপাশি কৃষকরা নিজেদের মধ্যে বীজ বিনিময় ও বিপণন করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) থান্দার কামরুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের এই যুগে দেশীয় বীজই আমাদের প্রকৃত রক্ষাকবচ। প্রান্তিক নারী কৃষকদের এই সংরক্ষণ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী বলেন, টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব বীজের কোনো বিকল্প নেই। লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার জানান, নারী কৃষকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

লোকজ-এর ট্রেজারার অজিত কুমার তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠান শেষে বীজের বৈচিত্র্য ও মান বিবেচনায় শ্রেষ্ঠ নারী কৃষকদের পুরস্কৃত করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেন করুণা মণ্ডল, দ্বিতীয় নমিতা সরকার এবং তৃতীয় হন শিউলী মণ্ডল। এ ছাড়া অংশগ্রহণকারী সকল কৃষাণীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।