সারাদেশ

সোনারগাঁয়ে যুবদল নেতার বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন করে নদী ভরাটের অভিযোগ

প্রিন্ট
 সোনারগাঁয়ে যুবদল নেতার বিরুদ্ধে অবৈধভাবে  বালু উত্তোলন করে নদী ভরাটের অভিযোগ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:০৮



সোনারগাঁয়ে যুবদল নেতা নুরে ইয়াসীন নোবেল এর নেতৃত্বে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নদী ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয় একটি কোম্পানির নাম ভাঙ্গিয়ে নদীতে দুই তিনটি ড্রেজার বসিয়ে গত ১২ দিন যাবত রাতের বেলা বালু উত্তোলন করে আসছে। এ নিয়ে মেঘনা নদীর তীরবর্তী গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় গ্রামবাসী ও বালু সন্ত্রাসীদের সঙ্গে বৈদ্যের বাজার এলাকায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তবে যুবদল নেতা নূরে ইয়াসিন নোবেল ঘটনার সততা অস্বীকার করেছেন।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসীন নোবেলের নেতৃত্বে রাসেল, সেজান, রনি, সৌরভ, আমিরুলসহ ১০/১২ জনের একটি দল বৈদ্যের বাজার এলাকায় মেঘনা নদীতে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বৈদ্যের বাজার ইউনিয়নের নদীর তীরবর্তী হাড়িয়া বৈদ্যপাড়া, সোনাময়ী এলাকায় বালু ভরাট করে আসছে। এনিয়ে সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন, মাসুম, ইউনুসসহ গ্রামবাসী ওই চক্রের সদস্যদের অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ জানান। এ ঘটনায়  গ্রামবাসীর সঙ্গে ওই চক্রের সদস্যদের সাথে একাধিকবার বাকবিতন্ডার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বৈদ্যের বাজার হাড়িয়া এলাকায় সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনের বাড়িতে গত ১৫ ফেব্রুয়ারি দিনে হামলা চালায় বালু সন্ত্রাসীরা। পরে একই দিন রাতে বৈদ্যেরবাজারঘাট এলাকায় আমিরুলের নেতৃত্বে, সেজান, রনি, সৌরভসহ ১০/১২ জনের একটি দল দ্বিতীয় দফার হামলা চালায়। হামলায় সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন, তার ছেলে মোশারফ হোসেন আলভী, মোজাহিদ হোসেন সিয়াম ও স্ত্রী  মোসাঃ সারমিন আক্তার আহত হয়।

এব্যাপারে সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন জানান, আমরা গ্রামবাসী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনে বাধাঁ দেওয়ায় বালু সন্ত্রাসীরা প্রথমে আমার বাড়িতে হামলা চালায়, পরে বৈদ্যের বাজার এলাকায় হামলা চালিয়ে আমার পরিবারের চার সদস্যকে আহত করে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ এব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

এদিকে বিএনপি কর্মী মো. সবজল হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ভিডিও বার্তায় তিনি বলেন, নুরে ইয়াসিন নোবেল একজন যুবদল নেতা হয়ে নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন ও নদী ভরাট করছে। অথচ প্রধানমন্ত্রী তারেক রহমান দখলবাজি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। সে জন্য একজন কর্মী হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিদের্শকে সম্মান জানিয়ে অসহায় গ্রামবাসীর পক্ষে দাঁড়িয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন হিন্দু ধর্মালম্বীর লোকজন জানান, বাড়ির সামনে যে ভাবে বালুর স্তুপ তৈরি করা হয়েছে আমরা থাকতে পারছিনা, প্রতিবাদও করতে পারছি না।

সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসীন নোবেল জানান, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাঈমা ইসলাম জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলে দিচ্ছি।