সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত: মির্জা ফখরুল

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত: মির্জা ফখরুল

প্রকাশিত : ১ মার্চ ২০২৬, রাত ১০:৫১


স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং এর জন্য স্থানও নির্বাচন করা হয়েছে। মেডিকেল কলেজটি চালু হলে জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে।

রোববার (১ মার্চ) ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে হাসপাতালের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, আমাদের সরকার দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহ হয়েছে। এরই মধ্যে আমরা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ শুরু করেছি। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ হলে এই অঞ্চলের মানুষের চিকিৎসাসেবায় আমূল পরিবর্তন আসবে। আমরা সবসময় জনগণের সেবায় সজাগ থাকব।

তিনি আরও জানান, হাসপাতালের সক্ষমতা বাড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন একটি লিফটের ব্যবস্থা করা হবে। এছাড়া হাসপাতালের জনবল সংকট ও অবকাঠামোগত প্রয়োজনীয়তার বিষয়ে সিভিল সার্জন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তালিকা চাওয়া হয়েছে, যা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সীমিত সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে উন্নত সেবা প্রদানের জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।