সারাদেশ

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রিন্ট
বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২ মার্চ ২০২৬, সন্ধ্যা ৭:৫৪


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল হক।

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জুলফিকার আলী শাহ।

প্রধান অতিথির বক্তব্যে আহসানুল হক বলেন, রমজান আত্মশুদ্ধি ও নৈতিকতার মাস। পেশাগত জীবনে সত্য ও ন্যায়ের পথে থেকে দায়িত্ব পালন করলে সমাজে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। তিনি জনস্বার্থে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।