সারাদেশ

শিমরাইলে চাঁদাবাজির টাকাসহ যুবক আটক: পুলিশে দিলেন বিএনপি নেতা

প্রিন্ট
শিমরাইলে চাঁদাবাজির টাকাসহ যুবক আটক: পুলিশে দিলেন বিএনপি নেতা

প্রকাশিত : ২ মার্চ ২০২৬, রাত ১০:৪২


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে পরিবহন থেকে চাঁদাবাজির সময় রাকিবুল (২৪) নামে এক যুবককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতা জি.এম. সুমন মুন্সি। সোমবার (২ মার্চ) বিকেলে শিমরাইলের হাজী এ রহমান সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আটক রাকিবুল ময়মনসিংহের রফিকুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে কাঁচপুরের মুগরাকুল এলাকায় বসবাস করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল জানান, স্থানীয় হেলাল ও রিফাত নামে দুই ব্যক্তির নির্দেশে তিনি হোমনা সুপার পরিবহন থেকে গাড়ি প্রতি ১০০ টাকা করে চাঁদা আদায় করছিলেন।

নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা সুমন মুন্সি বলেন, স্থানীয় এমপির নির্দেশ অনুযায়ী আমরা শিমরাইল এলাকাকে চাঁদাবাজমুক্ত রাখার ঘোষণা দিয়েছি। সোমবার দুপুরে চাঁদাবাজির খবর পেয়ে আমার লোকজন রাকিবুলকে হাতেনাতে আটক করে থানায় খবর দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই নুরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে। এ সময় তার কাছ থেকে চাঁদাবাজির নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।