নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, ডাকাত ও চোরচক্রের সদস্যসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কদমতলী এলাকার মো. রিফাত (২৪), পাইনাদি নতুন মহল্লার মো. কাউসার (২৩) এবং চাপড়বাড়ীর মো. সাগর আহমেদ (২৪) তাদের দেহ তল্লাশি করে ২১ পুরিয়া হেরোইন ও ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে, শিমরাইল বৌ-বাজার এলাকা থেকে ১১০ পুরিয়া হেরোইনসহ নাজমা বেগম ওরফে গেন্দি (৫৩) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শিমরাইল ও আদর্শনগর এলাকায় পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, বরগুনার আমতলী থানার মো. বাচ্চু মিয়া (৩২) ও নোয়াখালীর চাটখিল থানার ইয়াসিন (২৪)।
এছাড়া, গত জুন মাসের একটি চুরির মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, রূপগঞ্জের মো. রাকিবুল ইসলাম (২৪), বরিশালের সোহাগ (২৭) এবং লালমনিরহাটের সোহেল (৩৭)। তারা বর্তমানে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।একই রাতে আদালতের সিআর পরোয়ানাভুক্ত আরও একজন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, অপরাধ দমনে থানা পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, মাদক, চুরি ও ডাকাতির মতো অপরাধ নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। গ্রেফতারকৃত ১০ জনকেই যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।
মতামত