সারাদেশ

সিদ্ধিরগঞ্জে রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

প্রকাশিত : ৩ মার্চ ২০২৬, রাত ১০:৫৪


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নাম ভাঙিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ উঠেছে শাহ পরান (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত শাহ পরান মুক্তিনগর এলাকার মৃত জাকিরের ছেলে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

স্থানীয়দের দাবি, শাহ পরান নিজেকে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের ঘনিষ্ঠ কর্মী পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। মাদানি নগর এলাকার ফুট ওভারব্রিজ সংলগ্ন দোকান, ভ্যান ও অটোরিকশা থেকে নিয়মিত চাঁদা আদায় করেন তিনি। চাঁদা না দিলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ষাটোর্ধ্ব চা-দোকানি জানান, প্রতিদিন তাকে ৩৭০ টাকা করে চাঁদা দিতে হয়, অন্যথায় দোকান খুলতে বাধা দেওয়া হয়।

এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে শাহ পরান সাবেক বিতর্কিত কাউন্সিলর শাহজালাল বাদলের সহযোগী হিসেবে চাঁদাবাজি করতেন। পটপরিবর্তনের পর তিনি বর্তমান প্রভাবশালী নেতাদের সাথে ছবি তুলে তা ব্যবহার করে এলাকায় নিজের আধিপত্য বজায় রাখছেন। তার নেতৃত্বে প্রায় অর্ধশত কিশোরের একটি বাহিনী রয়েছে, যারা মাদক বহন ও ছিনতাইয়ের মতো অপরাধে লিপ্ত।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শিপন সরকার বলেন, শাহ পরান বিএনপির কেউ নন। এখন দল ক্ষমতায় থাকায় অনেকেই সুযোগ বুঝে ছবি তুলে আমাদের নাম ভাঙিয়ে অপকর্ম করছে। আমরা এদের চিনি না। তবে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিপন সরকারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

সাধারণ মানুষ ভয়ে পুলিশের কাছে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তবে স্থানীয়রা এই চিহ্নিত চাঁদাবাজ ও মাদকসেবীর হাত থেকে বাঁচতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।