সারাদেশ

রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: ২ সহযোগী গ্রেপ্তার

প্রিন্ট
রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: ২ সহযোগী গ্রেপ্তার

প্রকাশিত : ৩ মার্চ ২০২৬, রাত ১১:১৯


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৩ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জ ও ঢাকার ডেমরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, মামলার ২ নম্বর আসামি নুরু মিয়া (৬৭) ও ৪ নম্বর আসামি ফালান (৫০)। উভয়েই রূপগঞ্জ থানার নরাবটেক এলাকার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি সকালে কাঞ্চন পৌরসভার নরাবটেক এলাকায় মামলার প্রধান আসামি ছানোয়ার ওই কিশোরীকে টাকার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায় কিশোরীটি। সে আরও জানায়, এর আগেও নুরু মিয়ার সহায়তায় ছানোয়ার তাকে একাধিকবার ধর্ষণ করেছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক জানান, মামলা দায়েরের পর থেকেই র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। তথ্যের ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং প্রধান আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।