শ্রীপুর সদর বাজার, পুরাতন বাজার ও কলেজ রোড এলাকা ঘুরে দেখা যায়, সর্বত্রই এখন সেলাই মেশিনের অবিরাম খটখট শব্দ। কাটিং মাস্টারের কাঁচি চলছে নতুন কাপড়ের ওপর, আর কারিগররা দিনরাত পরিশ্রম করে তৈরি করছেন শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও মেয়েদের বিভিন্ন আধুনিক পোশাক।
বাজারে বর্তমানে প্যান্ট সেলাই ৪০০-৪৫০ টাকা, শার্ট ৩০০ টাকা এবং পাঞ্জাবি-পায়জামা ৫০০-৬০০ টাকায় সেলাই হচ্ছে। এছাড়া মেয়েদের থ্রি-পিস ও লেহেঙ্গার মজুরি নেওয়া হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। সময়মতো ডেলিভারি দিতে অনেক টেইলার্সে বাড়তি লোক নিয়োগ দেওয়া হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে মাপ নেওয়া, কাপড় কাটা, সেলাই ও বোতাম লাগানোর কাজ।
কেনাকাটা করতে আসা তাসমিন পৃথা জানান, পছন্দমতো কাপড় কিনে নিজের মাপে সেলাই করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই ভিড় এড়াতে আগেভাগেই অর্ডার দিতে এসেছি।
শ্রীপুর বাজারের সৌরাভ বস্ত্রালয় এন্ড টেইলার্স-এর স্বত্বাধিকারী আকরাম হোসেন বলেন, অর্ডারের চাপে আমাদের নাওয়া-খাওয়ার সময় নেই। ২৫ রমজান পর্যন্ত অর্ডার নেওয়া হবে। বিদ্যুৎ বিভ্রাট না থাকলে আশা করছি নির্দিষ্ট সময়েই ক্রেতাদের পোশাক বুঝিয়ে দিতে পারব।
ঈদ যত ঘনিয়ে আসছে, দর্জি পাড়ার ব্যস্ততা ততই বাড়ছে। কাপড়ের দোকান থেকে কেনা আনস্টিচ পোশাকগুলো এখন কারিগরদের নিপুণ ছোঁয়ায় রূপ নিচ্ছে রঙিন উৎসবে।
মতামত