সারাদেশ

বন্দরে মোবাইল আনতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

প্রিন্ট
বন্দরে মোবাইল আনতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত : ৪ মার্চ ২০২৬, রাত ১১:১৬


নারায়ণগঞ্জের বন্দরে হারিয়ে যাওয়া মোবাইল ফোন আনতে গিয়ে রায়হান (১৮) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজ রায়হান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার জামাল মিয়ার ছেলে এবং স্থানীয় কলাগাছিয়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

এ ঘটনায় নিখোঁজের বাবা জামাল মিয়া বাদী হয়ে বুধবার (৪ মার্চ) দুপুরে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে মদনগঞ্জ তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্দেশ্যে বের হয় রায়হান। এর আগে তার একটি মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল, যা জনৈক ব্যক্তির কাছে পাওয়ার খবর শুনে সে সেটি আনতে গিয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, জিডি হওয়ার পর থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে সম্ভাব্য সব জায়গায় অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে।