সারাদেশ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শিমরাইলে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

প্রিন্ট
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শিমরাইলে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান

প্রকাশিত : ৪ মার্চ ২০২৬, রাত ১১:৪৭


 আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে মহাসড়কের পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশ জানায়, ঈদকে কেন্দ্র করে এই গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। তাই আগাম প্রস্তুতির অংশ হিসেবে ব্রিজের ওপর স্থাপিত ঝুঁকিপূর্ণ অবকাঠামো ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। অভিযানের পাশাপাশি ফিটনেসবিহীন বেশ কিছু যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া উল্টোপথে যান চলাচল রোধে চালকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন জানান, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এই তৎপরতা চালানো হচ্ছে। কোনোভাবেই অবৈধ দখল বা অনিয়ন্ত্রিত থ্রি-হুইলার বরদাস্ত করা হবে না। জনস্বার্থে হাইওয়ে পুলিশের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযানকালে হাইওয়ে পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা চালক ও সাধারণ মানুষকে নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।