পদ্মা ও মেঘনা অয়েল ডিপোতে জ্বালানি তেলের কোনো সংকট নেই, তবে অতিরিক্ত তেল সংগ্রহের চাপে ডিপোর সামনে তৈরি হয়েছে তেলের লরির দীর্ঘ সারি। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকেই লরির এই জটলার কারণে আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে, যাতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকরা।
ডিপো সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকলেও পাম্প মালিক ও এজেন্টদের তেল সরবরাহে নতুন কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে পেট্রোল পাম্প মালিকদের বরাদ্দের তুলনায় ২০ শতাংশ এবং এজেন্টদের ৫০ শতাংশ কম তেল দেওয়ার নির্দেশনা রয়েছে কর্তৃপক্ষের।
সরবরাহ কিছুটা সীমিত হওয়ায় অনেক পাম্প মালিক একসঙ্গে বেশি তেল সংগ্রহের চেষ্টা করছেন। এতে ডিপোর সামনে নজিরবিহীন ভিড় সৃষ্টি হয়েছে।
লরি চালকদের আগে প্রবেশের প্রতিযোগিতার কারণে মূল সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত লরি। গাজীপুরগামী এক চালক জানান, সকাল ১১টা থেকে লাইনে দাঁড়িয়েও তিনি ভেতরে ঢুকতে পারেননি।
মেঘনা ডিপোর ম্যানেজার আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন যে, মজুত নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। মূলত আতঙ্কিত হয়ে বা অতিরিক্ত মজুতের আশায় সবাই একসঙ্গে আসায় এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে এবং দ্রুত যানজট নিরসনের আশ্বাস দেওয়া হয়েছে।
মতামত