সারাদেশ

নৈতিক শিক্ষা ছাড়া আদর্শ ছাত্র গড়া সম্ভব নয়: মাওলানা আবদুল জব্বার

প্রিন্ট
নৈতিক শিক্ষা ছাড়া আদর্শ ছাত্র গড়া সম্ভব নয়: মাওলানা আবদুল জব্বার

প্রকাশিত : ৫ মার্চ ২০২৬, রাত ১০:৫৩


নৈতিকতা ও দ্বীনি মূল্যবোধ ছাড়া একজন শিক্ষার্থী কখনোই প্রকৃত আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবদুল জব্বার। বৃহস্পতিবার (৫ মার্চ) নারায়ণগঞ্জের ঝালকুড়িতে অবস্থিত তাজকিয়াতুল মিল্লাত হিফজ মাদ্রাসায় আয়োজিত সবক প্রদান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা আবদুল জব্বার বলেন, শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে সত্য, কিন্তু সেই শিক্ষার সঙ্গে যদি নৈতিকতার সমন্বয় না থাকে, তবে তা পূর্ণতা পায় না। বর্তমান সমাজের চারিত্রিক অবক্ষয় রোধে কুরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ার বিকল্প নেই।

শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সৎ ও নীতিবান হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি উল্লেখ করেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার। তারা চরিত্রবান হলে দেশ ও জাতির ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কেবল জিপিএ বা ভালো ফলাফলের পেছনে না ছুটে শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জনের দিকে সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।

মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।