সারাদেশ

শহরের ইসদাইর রেললাইনে রাজ্জাক বেপারীর তাণ্ডব: দুজনকে কুপিয়ে জখম

প্রিন্ট
শহরের ইসদাইর রেললাইনে রাজ্জাক বেপারীর তাণ্ডব: দুজনকে কুপিয়ে জখম

প্রকাশিত : ৫ মার্চ ২০২৬, রাত ১১:৪৭


নারায়ণগঞ্জ শহরের ইসদাইর রেললাইন এলাকায় মাদক ব্যবসায়ী ও একাধিক হত্যা মামলা, গুমসহ ডজনখানেক মামলার আসামি রাজ্জাক বেপারীর নেতৃত্বে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ‎‎এ ঘটনায় দুই পথচারীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এছাড়া অন্তত ছয়টি দোকান ভাঙচুর এবং একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ‎‎গতকাল বুধবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

‎‎স্থানীয় সূত্রে জানা যায়, মাসদাইর এলাকার কথিত মাদক ব্যবসায়ী ও একাধিক হত্যা মামলা, গুমসহ ডজনখানেক মামলার আসামি রাজ্জাক বেপারীর নেতৃত্বে একদল সন্ত্রাসী এ হামলা চালায়। তাদের সঙ্গে খলিফা সন্ত্রাসী শুভর নেতৃত্বে প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি কিশোর গ্যাংও অংশ নেয়।

‎হামলাকারীরা এলাকায় এসে হঠাৎ করেই এলোপাতাড়িভাবে ভাঙচুর ও হামলা শুরু করে। 

‎‎এ সময় আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ ছুটোছুটি করতে থাকে। হামলার সময় দুইজন পথচারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।  ‎‎আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছে। ‎‎এ ঘটনায় অন্তত ছয়টি দোকান ভাঙচুর করা হয় এবং একটি মোটরসাইকেলও ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত করা হয়।

‎‎এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় রাজ্জাক বেপারী ও তার সহযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ড চললেও ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। 

‎‎নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা জানান, আপনারা চলে গেলে তারা আবার এসে তাণ্ডব শুরু করবে এই ভয়ে কেউ কিছু বলতে চাইছে না।

‎‎এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।