সারাদেশ

সুজানগরে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি: গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

প্রিন্ট
সুজানগরে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি: গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

প্রকাশিত : ৬ মার্চ ২০২৬, বিকাল ৪:২৩


পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের বনকোলা গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাতে একদল ডাকাত প্রবাসী মাহাতাব উদ্দিনের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রীকে হাত-পা বেঁধে কয়েক লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে গৃহবধূকে জিম্মি করে ফেলে। ডাকাতরা তার হাত-পা বেঁধে ফেলায় তিনি চিৎকার করতে পারেননি। এই সুযোগে দুর্বৃত্তরা আলমারি ভেঙে নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করেন।

খবর পেয়ে সুজানগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূর খোঁজখবর নিয়েছে।

সুজানগর থানার তদন্তকারি কর্মকর্তা জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।