নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) দুপুরে নাসিক ৮নং ওয়ার্ডের ঢাকেশ্বরী গোদনাইল ধনকুন্ডা গ্লাস ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এতে ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের সাথে একই এলাকার দিদার ও তার সহযোগীদের দীর্ঘ এক বছর ধরে জমি বিক্রির পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ অনুযায়ী, দিদার জমি বিক্রির নাম করে কামাল হোসেনের কাছে ২ লাখ টাকা দাবি করে আসছিলেন। এই টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।
শনিবার দুপুর আনুমানিক ২টা দিকে কামাল হোসেনের বাড়ির সামনে একটি কার্টুন ফ্যাক্টরি থেকে মালামাল নামানোর সময় কামাল হোসেনের ছোট ভাই ফারুকের সাথে বিবাদীদের বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে দিদারের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশন্ত্র বাহিনী দেশীয় অস্ত্র লোহার রড ও লাঠি নিয়ে বসতবাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়।
হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন, কামাল হোসেন (৫০) মোঃ ফারুক (৪০), মোঃ আনাস (১৭), আখি বেগম (৩০), মোঃ শাহজামান (৪২), হোসনেয়ারা বেগম (৬৫),
আহত কামাল হোসেন বলেন, আমরা দাবিকৃত ২ লাখ টাকা না দেওয়ায় দিদার ও তার সন্ত্রাসী বাহিনী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তারা আমাদের হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারে এবং ঘরবাড়ি ভাঙচুর করে। আমরা এর সঠিক বিচার চাই।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, জমি সংক্রান্ত বিরোধ ও টাকা দাবির বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় ভুক্তভোগী কামাল হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত