সারাদেশ

ঈশ্বরদীতে ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রিন্ট
ঈশ্বরদীতে ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ৭ মার্চ ২০২৬, রাত ১১:০৬

পাবনার ঈশ্বরদীতে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ কালাম হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদার মল্লিকপাড়া এলাকার তোফেজ্জেলের ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশের একটি চৌকস দল লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদার মল্লিকপাড়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে তোফেজ্জেলের ব্রিজের ওপর সন্দেহভাজন হিসেবে কালাম হোসেনকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, কালাম দীর্ঘ দিন ধরে ওই এলাকায় সংগবদ্ধভাবে মাদক কেনাবেচা করে আসছিল। তার এই কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছিল বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।

ঈশ্বরদী থানা পুলিশ জানায়, আটককৃত কালাম হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।