সারাদেশ

সিদ্ধিরগঞ্জে সাঁড়াশি অভিযান: মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার ১২

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে সাঁড়াশি অভিযান: মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার ১২

প্রকাশিত : ৮ মার্চ ২০২৬, রাত ১০:১০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে চালিয়ে ১০ জন মাদক কারবারিসহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় থেকে তাদের আটক করা হয়

। 

এ সময় তাদের কাছ থেকে হেরোইন, গাঁজা, ইয়াবাসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানকালে গ্রেফতারকৃত মাদক কারবারিদের হেফাজত থেকে ৪৪০ পুরিয়া হেরোইন, ৪০০ গ্রাম গাঁজা এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৩২ হাজার ৮০০ টাকাও জব্দ করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন, মো. সাঞ্জু ওরফে সঞ্জু (৩০), মো. কাউসার (২০), মো. আলমগীর হোসেন (৪২), মো. জাহাঙ্গীর (৪৬), শাহিদা বেগম (৩৬), শাহনাজ বেগম (৪০), তারেক হোসেন (৪৪) ও হেলেনা আক্তার (৪০), আসমা বেগম (৩৮) ও আলী নূর (৫২)। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও, এই অভিযানে ডাকাতি মামলার ১ জন এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও ১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত সর্বমোট ১২ জন আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় মাদক বিক্রেতা, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।