প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কাঁচপুর ল্যান্ডিং সংলগ্ন বালুর ঘাটটির পূর্বের ইজারার মেয়াদ শেষ হওয়ার পর নতুন প্রতিনিধি নিয়োগ নিয়ে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের উপস্থিতিতেই সংঘর্ষের সূত্রপাত হয়। হামলায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন, জহিরুল হক (৪৭), নূর হোসেন (৪৫), নজরুল (৩৭), জিয়া (৩৩) এবং ইউসুফ (৩৫)। এছাড়া সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক তাজুলের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নতুন ইজারাদার রাসেল মাহমুদের অভিযোগ, বিআইডব্লিউটিএ কর্মকর্তারা যখন কাজ করছিলেন, তখন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আজহারুল ইসলাম মান্নানের অনুসারী ডালিম, তুষার ও থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকারের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
অন্যদিকে, রিপন সরকার এই অভিযোগ অস্বীকার করে বলেন, অধ্যাপক মামুন মাহমুদ তার ভাই রাসেলকে দিয়ে ঘাট দখলের চেষ্টা করলে আমরা বাধা দেই। উল্টো তারাই আমাদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান।
আহত সাংবাদিক তাজুল জানান, সংঘর্ষের তথ্য ও ভিডিও চিত্র সংগ্রহের সময় সন্ত্রাসী রাজু ও তার বাহিনীর লোকজন তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এসময় সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারধর করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেয়।
নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, সরকারিভাবে বর্তমানে ইজারাদার হলেন মাহমুদুল হাসান পলিন। একটি মামলা চলমান থাকায় নতুন কাউকে ইজারা দেওয়া হয়নি, তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পলিনের মনোনীত ব্যক্তিরা নিয়মিত পে-অর্ডারের মাধ্যমে সরকারি রাজস্ব জমা দিয়ে ঘাট পরিচালনা করছেন। রাসেল মাহমুদকে পলিন তার প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন এবং তিনি যথাযথভাবে পে-অর্ডার জমা দিয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, বালুর ঘাট নিয়ে দুই পক্ষের মারামারির খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত