নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (১১ মার্চ) সকালে ভুঁইয়া ফেব্রিকস নামক কারখানার শ্রমিকদের এই অবরোধে মহাসড়কের দুপাশে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানান, কারখানার প্রায় ৪০০ শ্রমিকের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং আসন্ন ঈদুল ফিতরের বোনাস বকেয়া রয়েছে। সকালে বকেয়া পরিশোধের তারিখ পিছিয়ে ১৮ মার্চ নির্ধারণ করার খবরে ক্ষুব্ধ হয়ে তারা রাস্তায় নেমে আসেন। অবরোধের ফলে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে। পরে আগামী ১২ মার্চের মধ্যে সব বকেয়া ও বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ূন আহমেদ জানান, প্রশাসনের হস্তক্ষেপে মালিকপক্ষ পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়ায় শ্রমিকরা রাস্তা ছেড়ে দিয়েছেন। বর্তমানে যান চলাচল ও এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মতামত