সারাদেশ

বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ব্যবসায়ীকে জরিমানা

প্রিন্ট
বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত : ১১ মার্চ ২০২৬, রাত ১১:০৭

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক।

অভিযানকালে ক্ষতিকারক কেমিক্যালযুক্ত কসমেটিকস রাখা এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মা মনি ভ্যারাইটিজ স্টোর-এর মালিক মুরাদ হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআই-এর অনুমোদনহীন কার্যক্রমের জন্য লিলি বেকারীর মালিককে সতর্ক করা হয়েছে।

অভিযানে বিএসটিআই-এর ইন্সপেক্টর তানভীর আহমেদ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বনফুল সেমাইয়ের নাম নকল করে বনের ফুল নামে বাজারে বিক্রি হওয়া নিম্নমানের সেমাই কেনা থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক জানান, জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।