সারাদেশ

দৃষ্টি হারানো মাহবুবের সেই স্বপ্ন পূরণ: যাচ্ছেন জাতীয় সংসদে

প্রিন্ট
দৃষ্টি হারানো মাহবুবের সেই স্বপ্ন পূরণ: যাচ্ছেন জাতীয় সংসদে

প্রকাশিত : ১২ মার্চ ২০২৬, রাত ১২:০৪

জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে দুই চোখের দৃষ্টিশক্তি হারানো নারায়ণগঞ্জের সেই তরুণ মাহবুব আলম এবার জাতীয় সংসদের অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিচ্ছেন। একসময় আক্ষেপ করে মাহবুব বলেছিলেন, আমি তো আর দেখতে পাবো না, যদি কোনোদিন সংসদে গিয়ে একটু শুনতে পারতাম উনারা কী নিয়ে কথা বলছেন, অবশেষে তার সেই ইচ্ছা বাস্তবে রূপ নিচ্ছে।

বুধবার (১১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বিষয়টি নিশ্চিত করে জানান, অকুতোভয় মাহবুবকে তার মাসহ সংসদ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার তারা সংসদ অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং তাদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে।

সংসদে আমন্ত্রণের খবর পেয়ে আবেগাপ্লুত মাহবুব বলেন, খবরটা শোনার পর কিছুক্ষণ কথা বলতে পারিনি। মনে হচ্ছিল জীবনের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি চোখ হারিয়েছি ঠিকই, কিন্তু রাষ্ট্র যে এই ত্যাগ মনে রেখেছে এই অনুভূতিটাই আমাকে শক্তি দিচ্ছে। তিনি আরও বলেন, সংসদ সদস্যদের কাছে আমার একটাই চাওয়া উনারা যেন সাধারণ মানুষের ত্যাগের কথা মনে রাখেন এবং আহতদের পুনর্বাসনে গুরুত্ব দেন।

উল্লেখ্য, দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে অংশ নিয়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে চোখের আলো হারান মাহবুব। দৃষ্টিহীন জীবনে অন্যের সাহায্যের প্রয়োজন হলেও দেশের জন্য তার দেশপ্রেম ও লড়াইয়ের স্পৃহা এখনো অমলিন। যদি কখনো দৃষ্টি ফিরে পেতেন, তবে সবার আগে মায়ের মুখ আর প্রিয় দেশের পতাকা দেখার ইচ্ছা পোষণ করেন এই রেমিট্যান্স যোদ্ধা ও আন্দোলনকারী তরুণ।