সারাদেশ

রংপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত: ভেজালের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

প্রিন্ট
রংপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত: ভেজালের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

প্রকাশিত : ১৫ মার্চ ২০২৬, রাত ১১:০৩

নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি এই প্রতিপাদ্য সামনে রেখে রংপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস  উদযাপিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নিরাপদ খাদ্য নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ভোক্তা অধিকার রক্ষা করা রাষ্ট্র ও সমাজ সবার দায়িত্ব। অধিক মুনাফার লোভে খাদ্যে ভেজাল মিশিয়ে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করলে কোনো ছাড় দেওয়া হবে না।

আসন্ন ঈদকে সামনে রেখে সেমাইসহ বিভিন্ন নিত্যপণ্যের বাজার তদারকি এবং উৎপাদন পর্যায়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর উল্লেখ করে জানানো হয়, ওজনে কম দেওয়া, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখা বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। কঠোর শাস্তির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেন বক্তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক খৃষ্টফার হিমেল রিছিলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং ক্যাব রংপুরের সভাপতি মো. আবদুর রহমান। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।