সারাদেশ

সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক স্ত্রীর সাথে সম্পর্কের চেষ্টা: স্বামীর অঙ্গচ্ছেদ অভিযুক্ত স্ত্রী আটক

প্রিন্ট
 সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক স্ত্রীর সাথে সম্পর্কের চেষ্টা: স্বামীর অঙ্গচ্ছেদ অভিযুক্ত স্ত্রী আটক

প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, বিকাল ৩:০৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টাকালে স্বামী জহিরুল ইসলামের (৩২) বিশেষ অঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রী সাবিকুন্নাহার মিমের বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নির্মম এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত জহিরুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট থানার মো. জামশেদ মোল্লার ছেলে। আর অভিযুক্ত স্ত্রী সাবিকুন্নাহার মিম একই এলাকার মৃত মোস্তফা কামালের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জহিরুল ও মিম দম্পতি দক্ষিণ সানারপাড় এলাকার শাহ আলম মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। বুধবার রাতে জহিরুল বাসায় ফিরে স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এতে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্ত্রী সাবিকুন্নাহার মিম ধারালো অস্ত্র দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেন।

ঘটনার সময় জহিরুলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।