সারাদেশ

বালিয়াডাঙ্গীতে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম: স্লিপ থাকলেও চাল পাচ্ছেন না দুস্থরা

প্রিন্ট
বালিয়াডাঙ্গীতে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম: স্লিপ থাকলেও চাল পাচ্ছেন না দুস্থরা

প্রকাশিত : ১৫ মার্চ ২০২৬, রাত ১১:২৩

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২নং চাড়োল ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সরকারি সহায়তার স্লিপ হাতে থাকলেও অনেক দরিদ্র মানুষ চাল না পেয়ে খালি হাতে ফিরছেন বলে জানা গেছে।

স্থানীয় ভুক্তভোগীদের দাবি, চাল নেওয়ার জন্য তাদের হাতে বৈধ স্লিপ থাকলেও বিতরণ কেন্দ্রে গেলে জানানো হচ্ছে চাল শেষ হয়ে গেছে। এদিকে অভিযোগ উঠেছে, অসহায় মানুষদের চাল না দিয়ে চাড়োল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান টুলটুল ও কয়েকজন ইউপি সদস্য বস্তাভর্তি চাল ভ্যানগাড়িতে করে নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন।

চাল সরিয়ে নেওয়ার বিষয়টি ভিডিও ধারণ করতে গেলে প্যানেল চেয়ারম্যান টুলটুল গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান এবং অসহযোগিতা করেন। স্থানীয়রা জানান, একদিকে প্রকৃত উপকারভোগীরা চালের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন, অন্যদিকে প্রভাবশালীরা সরকারি চাল সরিয়ে ফেলছেন।

এই ঘটনায় চাড়োল ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহলের মতে, তদারকির অভাবে সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি প্রশ্নবিদ্ধ হচ্ছে। তারা দ্রুত এই অনিয়মের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।