রোববার (১৫ মার্চ) ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ জানায়, স্থানীয়দের সহযোগিতায় লাভরাপাড়া ও ঠাকুরবাড়ির টেক এলাকার ঝোপঝাড় ও ইরিখেত থেকে ৫ বস্তা গাঁজা এবং তিন শতাধিক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পৃথক অভিযানে চিহ্নিত মাদক সম্রাট আবু হানিফ ও তার এক সহযোগীকে একটি পিস্তল, ম্যাগজিন ও মাদকবাহী প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়েছে।
মাদক কারবারিদের সঙ্গে গোপন আঁতাত ও কর্তব্যে অবহেলার অভিযোগে রূপগঞ্জ থানার তিন সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন, উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহসানুল্লাহ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাদিরুল ইসলাম।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, স্থানীয় সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে এই বড় সাফল্য পাওয়া গেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদকের সঙ্গে পুলিশের কোনো সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে তিনজনকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে প্রত্যাহার করা হয়েছে এবং গ্রেফতারকৃত আবু হানিফের দেওয়া তথ্যে অভিযান আরও জোরদার করা হবে।
মতামত