সারাদেশ

রূপগঞ্জে ২৪ ঘন্টায় নিমার্ণাধীন ভবনে দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

প্রিন্ট
রূপগঞ্জে ২৪ ঘন্টায় নিমার্ণাধীন ভবনে দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

প্রকাশিত : ১৫ মার্চ ২০২৬, রাত ১১:৪৫

রূপগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনমালিকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরেক ভবনের ছাদ থেকে পড়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আরফান মোল্লা (৫৫), সাদিকুর রহমান (৩৫), আলমগীর ইসলাম (২৮) ও আলম বাদশা (৩৫)।

শনিবার (১৪ মার্চ) বিকালে উপজেলার গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় একটি নির্মাণাধীন তিনতলা ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনমালিক আরফান মোল্লা (৫৫) ঘটনাস্থলেই মারা যান। এ সময় দগ্ধ হন তার ছেলে লিয়ন মোল্লা (৩২) ও থাই মিস্ত্রি সাদিকুর রহমান (৩৫)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন সাদিকুর রহমানের মৃত্যু হয়। দগ্ধ লিয়ন মোল্লা এখনো চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

একইদিন বিকালে পূর্বাচল জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১৬ নম্বর সেক্টরের ৫০৩ নম্বর সড়কে নির্মাণাধীন একটি ৯ তলা ভবনের ৬ তলায় প্লাস্টারের কাজ করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে ঘটনাস্থলেই দুই রাজমিস্ত্রির মৃত্যু হয়। নিহতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার কদমতলা গ্রামের মৃত অবরুদ্দির ছেলে আলমগীর ইসলাম (২৮) এবং মশলাপাড়া গ্রামের খালেকের ছেলে আলম বাদশা (৩৫)।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন জানান, ভবনের পাশ দিয়ে বয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে এ দুর্ঘটনা ঘটে। অপরদিক ভবন থেকে পড়ে আরও দুই শ্রমিক মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।